আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এলাকায় নির্বাচনি প্রচারণায় অংশ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত পৌনে ১১টায় জেলার কট্টাপাড়া মাঠে বিএনপি আয়োজিত এক নির্বাচনি সমাবেশে তিনি ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনের প্রার্থীদের পক্ষে ভোট চান।
সমাবেশে চারটি আসনে বিএনপি প্রার্থীদের জন্য ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। পাশাপাশি আসন সমঝোতার অংশ হিসেবে শরিক দলের দুই প্রার্থীর জন্য ‘খেজুর গাছ’ ও ‘মাথাল’ প্রতীকেও ভোট দেওয়ার অনুরোধ করেন তিনি।
সমাবেশে বক্তব্যে তারেক রহমান বলেন, ১৯৭১ সালে যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল। কিন্তু গত ১৫ বছর ধরে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। শুধু ভোট নয়, বাকস্বাধীনতাও কেড়ে নেওয়া হয়েছিল। তথাকথিত নির্বাচনের মাধ্যমে জনগণের ভোট দেওয়ার সুযোগ বন্ধ করে দেওয়া হয়।
তিনি বলেন, ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বহু মানুষ জীবন দিয়েছে। শুধু ব্রাহ্মণবাড়িয়াতেই অন্তত ১৫ জন শহীদ হয়েছেন।
২০২৪ সালের ৫ আগস্টের আন্দোলনের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, ওই দিন দল-মত নির্বিশেষে দেশের মানুষ রাজপথে নেমে আসে। জনগণের সেই ঐক্যবদ্ধ আন্দোলনের মুখেই স্বৈরাচার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়।
নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, দেশের ভেতরে ও বাইরে ভোটকে ঘিরে নানা চক্রান্ত চলছে। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ভোট নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে বলে তিনি দাবি করেন। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
ভোটের দিনের প্রস্তুতির বিষয়ে তারেক রহমান বলেন, ভোটের দিন সবাই ফজরের নামাজ আদায় করে সরাসরি ভোটকেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়াবেন।
ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এলাকার প্রকৃত উন্নয়ন ও মানুষের অধিকার নিশ্চিত করতে হলে বিএনপির চার প্রার্থীকে ধানের শীষ প্রতীকে এবং শরিক দলের প্রার্থীদের খেজুর গাছ ও মাথাল প্রতীকে ভোট দিতে হবে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামলের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন— ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের প্রার্থী মো. মুশফিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের প্রার্থী জুনায়েদ সাকি, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনের প্রার্থী জুনায়েদ আল হাবিব, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান এবং ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের প্রার্থী এম. এ. হান্নান।
সমাবেশে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?