বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। শুক্রবার (১১ জুলাই) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
WHO-এর মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেয়েসুস এক অভ্যন্তরীণ ইমেইলে এই সিদ্ধান্তের কথা জানান। তার অনুপস্থিতিতে দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক দপ্তরের দায়িত্ব পালন করবেন সংস্থার সহকারী মহাপরিচালক ড. ক্যাথরিনা বোহমি। তিনি ১৫ জুলাই নয়াদিল্লিতে দায়িত্ব গ্রহণ করবেন।
২০২৪ সালের জানুয়ারিতে আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন সায়মা ওয়াজেদ। তবে শুরু থেকেই তার নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছিল—বিশেষ করে তার শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত অভিজ্ঞতা ঘিরে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতি পর্যবেক্ষণভিত্তিক একটি গণমাধ্যম ‘হেলথ পলিসি ওয়াচ’-এর এক প্রতিবেদনে জানানো হয়, চলতি বছরের শুরুতে তার বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত শুরু করে WHO।
এছাড়া, বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে দুটি মামলা করেছে। মামলার অভিযোগে বলা হয়, আঞ্চলিক পরিচালক পদে নিয়োগের সময় তিনি শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত ভুল তথ্য দেন এবং নিজেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক পদে রয়েছেন বলেও দাবি করেন।
দুদক আরও অভিযোগ করেছে, তিনি নিজের প্রতিষ্ঠিত ‘সূচনা ফাউন্ডেশনের’ নামে ২.৮ মিলিয়ন মার্কিন ডলার বিভিন্ন ব্যাংক থেকে উত্তোলন করেন, যা অনিয়মের মাধ্যমে অর্জিত বলে সংস্থাটির দাবি।
এই প্রেক্ষাপটে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে তাকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে WHO কিংবা সায়মা ওয়াজেদ পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?