প্রবাসীদের স্বজনদের জন্য দেশে রেমিট্যান্স পাঠানো এখন আরও সহজ ও দ্রুত হবে। ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ ও ন্যাশনাল ব্যাংক পিএলসি যৌথ উদ্যোগে চালু করা নতুন সেবার মাধ্যমে ন্যাশনাল ব্যাংকের রেমিট্যান্স গ্রাহকরা সরাসরি নগদ ওয়ালেটে অর্থ গ্রহণ করতে পারবেন।
চুক্তির আওতায় বিদেশ থেকে পাঠানো রেমিট্যান্স ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে নগদে সরাসরি সুবিধাভোগীদের মোবাইল ওয়ালেটে পৌঁছে দেওয়া হবে। ফলে প্রবাসীরা আন্তর্জাতিক এক্সচেঞ্জ হাউস, মানি ট্রান্সফার অপারেটর (এমটিও) বা ব্যাংকের মাধ্যমে যেকোনো সময় দেশের প্রত্যন্ত অঞ্চলসহ যেকোনো স্থান থেকে ২৪ ঘণ্টা অর্থ গ্রহণ ও ব্যবহার করতে পারবেন, সর্বনিম্ন ক্যাশ আউট খরচে।
রেমিট্যান্স গ্রহীতারা সরকারের ঘোষিত ২.৫ শতাংশ প্রণোদনাও উপভোগ করতে পারবেন। বর্তমানে ৬০টিরও বেশি এমটিও এবং সারাদেশে তিন লাখের বেশি নগদ উদ্যোক্তা পয়েন্টের মাধ্যমে এই সুবিধা পাওয়া যাচ্ছে।
সম্প্রতি ঢাকার বনানীতে নগদের প্রধান কার্যালয়ে ন্যাশনাল ব্যাংক পিএলসি ও নগদ এর মধ্যে রেমিট্যান্স পেমেন্ট চুক্তি স্বাক্ষরিত হয়। ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী এবং নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ইনচার্জ) মো. মেশকাত-উল-আনোয়ার খান, রেমিট্যান্স বিভাগের প্রধান মিল্টন রায়, নগদের সিনিয়র সহযোগী প্রশাসক মো. হাবিবুর রহমান, সহযোগী প্রশাসক মো. আবু তালেব, চিফ কমার্শিয়াল অফিসার মুহম্মদ শাহীন সারোয়ার ভূঁইয়া এবং রেমিট্যান্স বিভাগের প্রধান মো. আহসানুল হক বাশারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বক্তারা বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে রেমিট্যান্স সেবার আওতায় আনা এই উদ্যোগ যুগান্তকারী। চুক্তির ফলে রেমিট্যান্স প্রবাহ বাড়ার পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?