ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজধানীতে বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে সংগঠনটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। গতকাল দিনভর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় ও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনের সড়কে এ সংঘর্ষ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান ব্যবহার ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে। এতে সংগঠনের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরসহ অন্তত ৫৫ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৪টার দিকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে যমুনা অভিমুখে অগ্রসর হতে চাইলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে ব্যারিকেড ভাঙার চেষ্টা হলে পুলিশ লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। পাল্টা হিসেবে আন্দোলনকারীদের ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাউন্ড গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে কয়েকজন আহত হন।
সংঘর্ষের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেন এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজু ভাস্কর্যে জড়ো হওয়ার আহ্বান জানান। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছিল সংগঠনটি। একই দিনে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের সমাবেশ ছত্রভঙ্গ করতেও পুলিশ কয়েক দফা বলপ্রয়োগ করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, আহতদের মধ্যে পাঁচজন নারী রয়েছেন। কয়েকজন ছররা গুলিতে আহত হওয়ার দাবি করলেও চিকিৎসকরা গুলির কোনো ক্ষতচিহ্ন পাননি। হাসপাতাল পুলিশ ফাঁড়ি জানায়, কেউ গুলিবিদ্ধ নন।
এদিকে পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগ ও গুলি ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, পরিস্থিতি সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে এবং কোনো আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করা হয়নি।
পরে অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে জানায়, নিষিদ্ধ এলাকায় ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে অগ্রসর হওয়া ও জলকামানের ওপর ওঠার ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করা হয়, তবে গুলি ছোড়া হয়নি। সরকার হাদি হত্যার বিচারে অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এবং জাতিসংঘের অধীনে তদন্তের আইনি দিক পর্যালোচনার কথা জানায়। একই সঙ্গে আসন্ন নির্বাচন সামনে রেখে সবাইকে সংযম ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?