আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারাদেশের রিটার্নিং কর্মকর্তাদের কাছে সংসদীয় ২৯৯ আসনের ব্যালট পাঠানোর কাজ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল শনিবার এ বিতরণ কার্যক্রম শেষ হয়। ইসি সূত্র জানিয়েছে, রিটার্নিং কর্মকর্তারা ইতোমধ্যে তাদের নিজ নিজ এলাকার ব্যালট গ্রহণ করেছেন।
ইসির ব্যালট বিতরণ শাখার উপসচিব রাশেদুল ইসলাম জানান, গত ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়ার পরপরই ব্যালট মুদ্রণের কাজ শুরু হয়। যে যে আসনের ব্যালট মুদ্রণ শেষ হয়েছে, সেগুলো পর্যায়ক্রমে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। শনিবার পর্যন্ত একটি আসন ছাড়া সবগুলোতেই ব্যালট পৌঁছে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, আজ রোববার সকালে অবশিষ্ট একটি আসনে ব্যালট পাঠানোর মাধ্যমে জেলাভিত্তিক ব্যালট বিতরণের কাজ পুরোপুরি শেষ হবে। এরপর রিটার্নিং কর্মকর্তারা তাদের অধীনস্থ সংসদীয় আসনগুলোতে ব্যালট পাঠাতে পারবেন। চাইলে আজ থেকেই আসনভিত্তিক ব্যালট বিতরণ শুরু করা যাবে। এ বিষয়ে নির্বাচন কমিশন থেকে ইতোমধ্যে লিখিত নির্দেশনা পাঠানো হয়েছে।
ইসি সূত্র জানায়, আইনে দীর্ঘদিন ধরে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ থাকলেও এতদিন তা কার্যকরভাবে বাস্তবায়িত হয়নি। এবারই প্রথম সংসদ নির্বাচন ও গণভোটে সরকারি কর্মকর্তা-কর্মচারী, কারাবন্দী, নির্বাচনী কর্মকর্তা এবং বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ভোটের ব্যবস্থা করা হয়েছে।
এ লক্ষ্যে সর্বোচ্চ ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার পোস্টাল ভোট বিধি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেন। নিবন্ধিত ভোটারদের মধ্যে ইতোমধ্যে ৩ লাখ ৯ হাজারের বেশি ভোটার তাদের ভোট প্রদান করে ব্যালট দেশে পাঠিয়েছেন। এসব পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন।
পোস্টাল ভোটের বাইরে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেবেন ১২ কোটি ৬২ লাখের বেশি ভোটার। এই ভোটারদের জন্য প্রয়োজনীয় ব্যালট মুদ্রণ করে শনিবারের মধ্যেই সব ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো শেষ করেছে নির্বাচন কমিশন।
আজ রোববার থেকে রিটার্নিং কর্মকর্তারা নিজ নিজ কার্যালয় থেকে সংশ্লিষ্ট সংসদীয় আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তাদের (এআরও) কাছে ব্যালট ও অন্যান্য নির্বাচনী সামগ্রী বিতরণ করবেন। আগামী ১১ ফেব্রুয়ারি ভোটগ্রহণ কর্মকর্তারা এসব সামগ্রী গ্রহণ করে রাতেই ভোটকেন্দ্রে পৌঁছে যাবেন।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন জানান, তাঁর জেলার সব সংসদীয় আসনের ব্যালট তিনি ইতোমধ্যে বুঝে পেয়েছেন। শনিবার গণমাধ্যমকে তিনি বলেন, আজ (৮ ফেব্রুয়ারি) থেকে দায়িত্বপ্রাপ্ত এআরওদের কাছে ব্যালট বিতরণ শুরু করবেন। নির্বাচন কমিশন থেকে এ সংক্রান্ত নির্দেশনাও পাওয়া গেছে।
ইসি আরও জানায়, যারা পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন, তাদের নাম সম্পূরক ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। পোস্টাল ভোটারদের বাইরে যারা ভোট দেবেন, কেবল তাদের সংখ্যার ভিত্তিতেই ব্যালট মুদ্রণ করা হয়েছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?