রাজধানীর নয়াপল্টনের শারমিন একাডেমিতে শিশু শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে প্রতিষ্ঠানটির প্রশাসনিক কর্মকর্তা পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে মিরপুর-৬ নম্বরে এই অভিযান চালানো হয়।
এর আগে নির্যাতনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, স্কুলের পোশাক পরা এক শিশুকে টেনে-হিঁচড়ে অফিস কক্ষে নিয়ে যায় এক নারী। সেখানে তিনি শিশুটিকে চড় মারেন। একই সময় কক্ষে থাকা এক পুরুষ শিশুটির গলা বা মুখ চেপে ধরেন। শিশুটি ভয়ে কাঁদছিল। পরবর্তীতে জানা যায়, ভিডিওতে থাকা নারী শারমিন জাহান এবং পুরুষটি পবিত্র কুমার বড়ুয়া।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, চার বছর বয়সী ওই শিশু গত বছরের ১৯ নভেম্বর শারমিন একাডেমির প্লে শ্রেণিতে ভর্তি হয়েছিল। গত ১৮ জানুয়ারি সকালে শিশুটির মা তাকে স্কুলে রেখে যান। দুপুরে শিশুটিকে আনতে গেলে দেখেন, স্কুলের অধ্যক্ষ শারমিন জাহান তাকে অফিস কক্ষে আটকে রেখেছেন। সেখানে অধ্যক্ষের স্বামী পবিত্র কুমার বড়ুয়া উপস্থিত ছিলেন। শিশুটি ভীতসন্ত্রস্ত ও কান্নায় ভেঙে পড়ে। বাসায় ফিরে শিশুটি জানায়, তাকে মারধর করা হয়েছে এবং বিষয়টি কাউকে বললে গুরুতর ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে।
পরবর্তীতে শিশুর অভিভাবক স্কুলের সিসিটিভি ফুটেজ দেখতে চান, কিন্তু কর্তৃপক্ষ তা দেখাতে অস্বীকৃতি জানায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ফুটেজ সংগ্রহ করে দেখা যায়, শিশুটিকে অফিস কক্ষে নিয়ে নির্যাতন করা হয়েছে। ঘটনার পর শিশুটির মাথা, গলা ও কানে ব্যথা হলে তাকে প্রথমে নয়াপল্টনের ইসলামী ব্যাংক হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
উপকমিশনার জানান, এ ঘটনায় বৃহস্পতিবার ভুক্তভোগী শিশুর মা পল্টন থানায় শিশু আইনে মামলা করেন। মামলায় শারমিন জাহান ও পবিত্র কুমার বড়ুয়াকে আসামি করা হয়। এরপর পল্টন থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় পবিত্র কুমারের অবস্থান শনাক্ত করে এবং ভোরে তাকে গ্রেপ্তার করে।
পল্টন থানার ওসি মোহাম্মদ মোস্তফা কামাল খান বলেন, গ্রেপ্তার আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, শিশুটি চঞ্চল প্রকৃতির এবং নানা দুষ্টুমি করত। এমন তুচ্ছ কারণে তাকে নির্যাতন করা হয়েছে বলে দাবি করেন। গ্রেপ্তার পবিত্র কুমারকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার অপর আসামি শারমিন জাহানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?