আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে ভোটের দিন মেট্রোরেলে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে। ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটিসহ টানা চার দিনের ছুটির মধ্যেও মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচনকালীন সময় ট্রেন চলাচলে কোনো ব্যাঘাত হবে না। ভোটের দিন যাত্রী চাপ বিবেচনায় অতিরিক্ত ট্রেনও পরিচালনা করা হবে।
ডিএমটিসিএলের কর্মকর্তারা জানান, ছুটির দিনগুলোতেও স্বাভাবিক কর্মদিবসের সময়সূচি অনুযায়ী মেট্রো ট্রেন চলবে। তবে নিরাপত্তাজনিত কারণে যেসব স্টেশনের গেট ভোটকেন্দ্রের একেবারে নিকটে অবস্থিত, সেসব গেট সাময়িকভাবে বন্ধ রাখা হবে। অন্যান্য গেট খোলা থাকবে।
এদিকে নির্বাচনকালীন সময় মেট্রোরেল পরিচালনা স্বাভাবিক রাখতে ডিএমটিসিএলের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, আগামী ৮ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্রেন অপারেশন, লাইন অপারেশন, রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তাসহ জরুরি কার্যক্রমে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের ছুটি (বিশেষ বা জরুরি ক্ষেত্র ব্যতীত) স্থগিত থাকবে।
অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সারা দেশে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। ২ ফেব্রুয়ারি জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, ভোটের দিন ১২ ফেব্রুয়ারি ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা কার্যকর হবে ১১ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত পর্যন্ত।
এ ছাড়া মোটরসাইকেল চলাচলের ওপর আরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ১০ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত পর্যন্ত টানা ৭২ ঘণ্টা সারা দেশে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। তবে জরুরি প্রয়োজনে এবং নির্বাচনসংশ্লিষ্ট কাজে কিছু ক্ষেত্রে ছাড় রাখা হয়েছে।
উল্লেখ্য, নির্বাচনী প্রচারণা শেষ হবে আগামী ১০ ফেব্রুয়ারি। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?