ইতালিতে বহুল আলোচিত নাগরিকত্ব আইনে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। নতুন বছরের শুরু থেকেই এই পরিবর্তনের সুফল পেতে পারেন দেশটিতে বসবাসরত অভিবাসীরা যাদের মধ্যে বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।
ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলতি মাসেই ২০২৬ সালের বাজেটে নাগরিকত্ব আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন পেয়েছে। সংশোধিত আইনের আওতায় নাগরিকত্ব সংক্রান্ত প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে আধুনিক ডিজিটাল সুবিধা, যা আবেদনকারীদের দীর্ঘদিনের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমাবে বলে আশা করা হচ্ছে।
আইন সংশোধনের ফলে নাগরিকত্ব আবেদনে আমলাতান্ত্রিক জটিলতা কমবে বলে মনে করছেন ইতালিপ্রবাসীরা। জানা গেছে, সরকারের ‘ডিজিটাল ট্রান্সফরমেশন’ কার্যক্রমের অংশ হিসেবে চলতি বছরের মাঝামাঝি থেকেই অভিবাসীরা এর পূর্ণাঙ্গ সুবিধা পেতে পারেন।
নতুন ব্যবস্থায় নাগরিকত্ব সংক্রান্ত সব তথ্য সংরক্ষিত থাকবে একটি জাতীয় ডিজিটাল ডাটাবেজে। ফলে আবেদন জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে যাচাই প্রক্রিয়া শুরু হবে এবং ফাইল নিষ্পত্তি হবে দ্রুত। আগে এক দপ্তর থেকে আরেক দপ্তরে ফাইল ঘুরতে ঘুরতে যেখানে বছরের পর বছর লেগে যেত, সেখানে এবার সেই সময় অনেকটাই কমে আসবে।
এ ছাড়া দীর্ঘদিন বিশেষ করে টানা ১০ বছর বৈধভাবে ইতালিতে বসবাস করে নাগরিকত্বের জন্য আবেদনকারীদের তথ্য যাচাইয়ে ব্যবহার করা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এতে অপ্রয়োজনীয় বিলম্ব কমবে এবং ফাইল আটকে থাকার ঝুঁকি হ্রাস পাবে।
বিদেশে জন্ম নেওয়া শিশুদের জন্যও নতুন আইনে রাখা হয়েছে গুরুত্বপূর্ণ সুবিধা। ২০২৬ সালের বাজেট আইনের আওতায় বিদেশে জন্ম নেওয়া শিশুদের নাগরিকত্ব ঘোষণার সময়সীমা এক বছর থেকে বাড়িয়ে তিন বছর করা হয়েছে। পাশাপাশি চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ ধরনের অনেক ঘোষণায় ২৫০ ইউরো ফি মওকুফ করা হয়েছে।
ইতালি সরকারের ‘ইতালিয়া ডিজিটাল ২০২৬’ প্রকল্পের আওতায় আগামী জুনের মধ্যে পুরো সিস্টেমটি সম্পূর্ণভাবে চালু হওয়ার কথা। তখন আবেদনকারীরা স্মার্টফোন ব্যবহার করে স্পিড বা সিআইই (SPID/CIE) এর মাধ্যমে আবেদনের প্রতিটি ধাপ সরাসরি পর্যবেক্ষণ করতে পারবেন। এর আগে পাসপোর্ট আবেদনের ক্ষেত্রেও এ সুবিধা চালু ছিল।
স্থানীয় অভিবাসীদের মতে, প্রবাসীদের জন্য এই পরিবর্তন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে যারা নতুন করে ইতালিতে আসতে চান বা সিজনাল ভিসায় এসে নিয়ম মেনে স্থায়ী হওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য এটি বড় সুযোগ সৃষ্টি করবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, দক্ষ ও বৈধ অভিবাসীদের দ্রুত নাগরিকত্ব দিয়ে ইতালির মূলধারায় অন্তর্ভুক্ত করতেই এ উদ্যোগ নিয়েছে সরকার।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?