উদ্যোক্তা ও উচ্চপদস্থ নির্বাহীদের জন্য ১০ বছর মেয়াদে বসবাসের অনুমতি বা দীর্ঘমেয়াদি রেসিডেন্সি কর্মসূচি চালু করার ঘোষণা দিয়েছে কাতার। বিনিয়োগ আকর্ষণ এবং দক্ষ পেশাদারদের দীর্ঘমেয়াদে দেশে ধরে রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানি এ ঘোষণা দেন। এর আগে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত একই ধরনের কর্মসূচি চালু করায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে প্রতিযোগিতা আরও জোরালো হচ্ছে।
সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার তিন দেশই দক্ষ পেশাজীবী ও বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে দীর্ঘমেয়াদি রেসিডেন্সি স্কিম চালু বা সম্প্রসারণ করেছে। কাতারের ক্ষেত্রেও এটি অর্থনীতিতে বৈচিত্র্য আনার কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে।
কাতার সরকার জানিয়েছে, এই কর্মসূচির মাধ্যমে বিদেশি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি করপোরেট খাতের অভিজ্ঞ নির্বাহীদের দেশটিতে স্থায়ীভাবে কাজ করার সুযোগ তৈরি হবে। তবে ১০ বছর মেয়াদি রেসিডেন্সি পেতে কী ধরনের যোগ্যতা লাগবে এবং কবে থেকে এটি কার্যকর হবে—সে বিষয়ে বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।
নতুন এই কর্মসূচির আওতায় দীর্ঘমেয়াদি ভিসার পাশাপাশি পরিবারের সদস্যদের কাতারে বসবাসের সুযোগ এবং বিনিয়োগকারীদের জন্য বিশেষ সুবিধা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ কাতারে ব্যবসা সম্প্রসারণে আগ্রহী উদ্যোক্তা ও আন্তর্জাতিক করপোরেট নেতাদের জন্য একটি বড় সুযোগ তৈরি করবে।
You Must be Registered Or Logged in To Comment লগ ইন করুন?